নিজস্ব সংবাদদাতা: মানুষ যেমন নিচে নামতে-নামতে নীচ হয়ে যায়, গঙ্গার স্রোতও তেমন নিচে নামতে-নামতে দূষিত হয়ে যায়। এই গঙ্গাকে নিয়ে অনেক গান বাঁধা হয়েছে। সিনেমাও হয়েছে। আশির দশকের মাঝামাঝি রাজ কাপুর একটি ছবি করেন, ‘রাম তেরি গঙ্গা ময়লি’। সেই ছবিতে কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্ক হয় ঠিকই। কিন্তু, ছবির বার্তা নিয়ে কোনও বিতর্কের জায়গা থাকে না। আর সেই বার্তা হল— উৎস থেকে প্রবাহিত হয়ে যত নিচে নেমেছে গঙ্গা, তত বেশি দূষণ বেড়েছে। এই দূষণ যেমন প্রবাহমান গঙ্গা নদীর দূষণ, ঠিক তেমনই মানুষের প্রবাহমান মানুষের দূষণ।
প্রবাহমান দূষণ?
অভিজ্ঞতা বলে, গঙ্গার উৎসস্থল যেখানে, সেই উৎস থেকে বেশ কিছুটা প্রবাহিত হয়েছে যেখানে, সেখানকার পাহাড়ি মানুষজনের সততা নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, পাহাড়ি এলাকার কোনও গাড়িতে কিছু ফেলে এলে, পুরোটা পথ তেল পুড়িয়ে গাড়ি চালিয়ে হোটেল অবধি এসে সেই জিনিস ফেরত দিয়ে যান গাড়ির চালক। কিছুদিন আগে উত্তরাখণ্ডের কাছাকাছি এক মহিলা পর্যটক শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। পুলিশ তদন্ত করে স্থানীয় কয়েকজন যুবককে পাকড়াও করেছিল। ওই সময়ে, ওই পাহাড়ি এলাকার মানুষজন ওই কয়েকজনকে বাঁচানোর কোনও চেষ্টা তো করেইনি, বরং বলেছিল— ওদের জন্য তাদের দীর্ঘদিনের সততা প্রশ্নের মুখে পড়ল! মনে আছে, এ-দেশেরই এক পাহাড়ি জনপদে গিয়ে শুনেছিলাম, গোটা জেলখানায় মাত্র চারজন আসামি রয়েছে। অপরাধের হার এতই কম।
গঙ্গা যত বেশি সমতলের দিকে আসছে, তত বেশি তার দূষণ বাড়ছে। আক্ষরিক অর্থে, অনাক্ষরিক অর্থেও। উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকা হয়ে যখন উত্তরপ্রদেশে আসছে গঙ্গার প্রবাহ, তত বেশি জলদূষণ দেখা যাচ্ছে। সেইসঙ্গে দেখা যাচ্ছে অপরাধী ও অপরাধের সংখ্যাও ঊর্ধ্বমুখী। কিন্তু কেন, তা এক-কথায় বলা কঠিন। তবে কেউ কেউ মনে করেন, পাহাড়ি জায়গায় এত পণ্য আর ভোগবিলাসের আয়োজন না-থাকায় সেখানকার মানুষজন এমনিতেই স্বল্পে সন্তুষ্ট ও সৎ হয়। কিন্তু যত নিচের দিকে সে বইতে তাকে, তত বেশি করে সে কলুষিত হয়। আক্ষরিক অর্থে, অনাক্ষরিক অর্থেও।
উত্তরপ্রদেশ হয়ে গঙ্গার প্রবাহ ক্রমশ দেশের পূর্ব দিকে বয়ে চলে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। তখন তার দূষণ আরও বাড়ে। তখন তার মানুষের মন আরও দূষিত হয়ে ওঠে। রাজ কাপুরের ওই ছবিতেও ঠিক তেমনটাই দেখানো হয়েছে। যত নিচে নামছে গঙ্গার প্রবাহ, তত সে দূষিত হচ্ছে। ন্যায়-অন্যায়, পাপ-পুণ্যের বোধ আর সেভাবে কাজ করছে না মানুষের বিবেকে। চল্লিশ বছর আগের ওই ছবি নিয়ে আজও বিতর্ক হয় ঠিকই। তবে ছবির অন্তর্নিহিত বার্তা আজও ভাবিয়ে তোলে।