নিজস্ব সংবাদদাতা: ভেসে যাওয়া হস্তিশাবক ও মানবিকতা জলপাইগুড়িতে জলের তোড়ে ভেসে যাওয়া হস্তিশাবকে বাঁচালেন মৎস্যজীবীরা। কতই-বা বয়স সেই শাবকের! দিনতিনেক হবে। জলে ডুবে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে। গোঁ-গোঁ শব্দ করছিল। তার মা হয়তো দূরে কোথাও ভেসে গেছে। ভাবছে তার ছোট্ট বাচ্চাটি এখন কোথায়। কী করছে। এই ঘটনা বছরকয়েক আগের একটি ঘটনাকে মনে করিয়ে দেয়। সে এক নির্মম ঘটনা।… দক্ষিণ ভারতের একটি রাজ্যে ঘটনাটি ঘটেছিল। হাতি যেখানে এসে খাবে, সেই গাছপালা ঘেরা এলাকায় বেশ কয়েকটা বাজি-পটকা রেখে দেওয়া হয়েছিল। এমনভাবে রাখা হয়েছিল, যাতে হাতির শরীরে একবার ঢুকতে পারলেই তা ফাটতে শুরু করবে। ঠিক সেটাই ঘটেছিল। পেটে যাওয়ার পর ওই বাজি-পটকা পর-পর ফাটতে শুরু করে। শরীরের ভিতর বিস্ফোরণে মারা পড়ে সেই হাতি। এই ঘটনায় প্রবল বিতর্ক শুরু হয়।

জলপাইগুড়িতে ঠিক তার উল্টো ঘটনা ঘটেছে। যেখানে মানবিকতা জয়ী হয়েছে, পাশবিকতার পরাজয় ঘটেছে। সেই পাশবিকতা মানুষের পাশবিকতা, পশুর পাশবিকতা নয়। কেউ কেউ আবার বলছেন, যেভাবে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাচ্ছে হাতি, তা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তাই, অনেক সময়ে স্থানীয় বাসিন্দারা নির্মম হয়ে উঠছে। বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির আক্রমণএ প্রাণ হারিয়েছে পড়ুয়া, এমন ঘটনাও ঘটেছে। অথবা, খুব ভোরে কৃষক তার ক্ষেতে যাওয়ার পর হাতির আক্রমণে মারা পড়েছে, এমন ঘটনাও ঘটেছে। একদিকে হাতির আক্রমণে মানুষ মরছে, অন্যদিকে, মানুষের প্রতিরোধে বিপন্ন হয়ে পড়ছে হাতির দল। উত্তরবঙ্গ থেকে মাঝেমধ্যেই খবর আসছে, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। অন্যদিকে, হাতিকে বাঁচাতে ট্রেন দাঁড়িয়ে থাকছে দীর্ঘক্ষণ।

পরিবেশবিদরা বলছেন, যেভাবে জঙ্গল সাফ করে ফেলা হচ্ছে, তাতে করে হাতি তার বাসস্থান হারাচ্ছে। খাবার হারাচ্ছে। তাই লোকালয়ে হানা দিচ্ছে ঘনঘন। তাই, নগরায়নের পরিকল্পনা করেন যাঁরা, তাঁদের কিন্তু ভাবতে হবে এবার, জল-জঙ্গল-জমি যতটা সম্ভব রেখে তবেই উন্নয়নের কাজ করতে হবে। নইলে লোকালয়ে কোথাও চলে আসবে হাতি, কোথাও চলে আসবে বাঘ। তারপর যা ঘটার তা ঘটবে। অবধারিতভাবে। হয় হাতি মারা পড়বে, নয়তো মানুষ। হয় বাঘের হানায় মরবে মানুষ, নয় তো প্রাণে বাঁচতে বাঘকে ঘিরে ধরে মারবে মানুষ। এই দুষ্টচক্র চলতেই থাকবে। জলের তোড়ে ভেসে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করে শিরোনামে উঠে আসবেন কোনও এক মৎস্যজীবী। আবার, হাতির খাবারে বোমা-পটকা রেখে দিয়ে শিরোনামে আসবে কোনও এলাকার মানুষ।

Translate »