নিজস্ব সংবাদদাতা: আমাদের দেশে জলের প্রধান উৎস ভূগর্ভস্থ জল। দেশের কোটি কোটি মানুষের নানান চাহিদা মেটানো ছাড়াও কৃষি ও অন্যান্য খাতের প্রয়োজনে ভূগর্ভস্থ জলের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে এই যে, দেশে ভূগর্ভস্থ জলের সংকট ক্রমশ্য তীব্র হচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের ফলে অত্যধিক তাপমাত্রা বৃদ্ধির কারণে জলের চাহিদা ক্রমশ বাড়ছে। এবং একইসঙ্গে মাটির নিচের জলস্তর কমছে। ভূগর্ভস্থ জলের উপরেই খাদ্য নিরাপত্তা ও পানীয় জলের সরবরাহ মেটানোর মত বিষয় নির্ভর করে। কিন্তু, জলস্তর ক্রমাগত কমে যাওয়ার কারন কি? অনুসন্ধান করে চলেছেন গবেষকরা। বিভিন্ন গবেষণা থেকে জানা যাচ্ছে যে, জল সংকটের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। যা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

প্রধানত বৃষ্টির মাধ্যমে আমাদের ভূগর্ভস্থ জলের উৎস পূর্ণ বা রিচার্জ হয়। যার মধ্যে ৬০ শতাংশ আসে মৌসুমী বৃষ্টিপাতের কারনে। এদিকে এখন বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন এসেছে। কোথাও অতিবৃষ্টি আবার কোথাও অনাবৃষ্টি। পাঞ্জাব, রাজস্থান, দিল্লি হরিয়ানা ও তামিলনাড়ুর অনেক অঞ্চলকে “সংকটপূর্ণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। জলের উৎসের হার কমে যাওয়ার কারণ হিসেবে গবেষকরা বিশেষ করে দায়ী করছেন আবহাওয়ার পরিবর্তনকে। ভূখর্ভস্থ জলের ঘাটতির প্রভাব পড়তে পারে আমাদের কৃষিতে। ফসলের ভালো ফলনের জন্যে নিয়মিত সেচের প্রয়োজন হয়। আর, আমাদের দেশের খাদ্যশস্য উৎপাদন মূলত নির্ভর করে ভূগর্ভস্থ জলের ওপর। সেখানে ঘাটতি হলে আমাদের শস্যফলনেও সংকট দেখা দেবে।

আমরা জানি, ধান চাষের জন্য অনেকটা বেশি জলের প্রয়োজন হয়। ২০২৫ সালের একটি গবেষণার তথ্য অনুযায়ী, ভূগর্ভস্থ মিষ্টি জল কমে যাওয়ার একটি অন্যতম কারণ, ধান চাষের চিরাচরিত পদ্ধতি। এই সমস্যা সমাধানে “বিকল্প পদ্ধতি” গ্রহণ করার কথা বলছেন গবেষকরা। সরাসরি বীজ বপন করে ধান চাষ এবং পর্যায়ক্রমে ভেজানো ও শুকানোর(alternate wetting & drying) মত বিকল্প পদ্ধতিগুলো ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে পারে।তবে এই” বিকল্প পদ্ধতি”গুলো গ্রহণের হার অনেক কম। এছাড়াও আরেকটি কারণ হলো দ্রুত নগরায়ন। শহর বাড়ছে সেই সঙ্গে তৈরি হচ্ছে মাল্টিস্টোরিড বিল্ডিং। অনেক সময় এখন অনেক শহরেই আমাদের জলের চাহিদার যোগান দিতে পারছে না ভূগর্ভস্থ জল। এই ছবি দেখা যাচ্ছে এখন আমাদের দেশের বিভিন্ন শহরে।ভূগর্ভস্থ জল সংকট আমাদের দৈনন্দিন জীবন আমুল পরিবর্তন করে দিতে পারে। ক্রমশ শুকিয়ে যাওয়া বোর ওয়েল আর শস্যহীন কৃষিজমি কি আমাদের জন্য অপেক্ষা করছে? দেখা যাক।

Translate »