নিজস্ব সংবাদদাতা: দিল্লির ১ হাজার একর খাড়া পাথুরে জায়গা সাউদার্ন রিজ এবার সংরক্ষিত বনাঞ্চলের মর্যাদা পেতে চলেছে। সুখবর বইকি। সম্প্রতি দিল্লির সরকার একটি প্রস্তাব অনুমোদন করেছে। দিল্লির ‘সাউদার্ন রিজ’-এর প্রায় ১,০০০ একর এলাকা ‘সংরক্ষিত বন’ (Reserved Forest)-এর মর্যাদা পেতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হলে, এই বিশেষ সুরক্ষাপ্রাপ্ত রিজ এলাকার মোট আয়তন বেড়ে প্রায় ১৩,০০০ একরে দাঁড়াবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, ‘রিজ’ (ridge)-এর যেসব অংশ সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার সেগুলোর পুনরুদ্ধারের উপরও গুরুত্ব দেবে। তিনি বলেন, “শুধুমাত্র আইনি সুরক্ষা দিয়ে (রিজকে) বাঁচিয়ে রাখা সরকারের লক্ষ্য নয়; রিজ-এর বাস্তুতন্ত্রের পুনরুজ্জীবনও সমানভাবে গুরুত্বপূর্ণ।” প্রসঙ্গত, ৬,২০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত ‘সাউদার্ন রিজ’ (Southern Ridge) হলো দিল্লির বৃহত্তম সবুজে-ঘেরা অংশ।

পরিবেশবিদরা বলছেন, এই প্রক্রিয়াটি ১৯৯৪ সালে শুরু হয়েছিল। দিল্লি রিজের বিশাল অংশকে বন সংরক্ষণের আওতাভুক্ত করার জন্য চিহ্নিত করা হয়েছিল। তবে অনেক এলাকাকেই ‘সংরক্ষিত বন’ (Reserved Forest)-এর স্বীকৃতি পাওয়ার জন্য দশকের পর দশক অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা বিষয়টি এ বছর গতি পেয়েছে। মার্চ মাসে সাউদার্ন রিজের কিছু অংশ এবং মে মাসে সেন্ট্রাল রিজ (Central Ridge)-এর কিছু অঞ্চল সংরক্ষিত বনের চূড়ান্ত স্বীকৃতি পায়। দিল্লির রিজ আদতে আরাবল্লী পর্বতমালারই একটি অংশ। যা দেশের রাজধানীর বৃহত্তম সবুজে ঘেরা এলাকা। গাছ কাটা, নির্মাণকাজ ও জবরদখল সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতা নিয়ে শিরোনামে উঠে এসেছে এই এলাকাটি। সরকার জানিয়েছে, এর পুনরুদ্ধারে মূলত দেশের বিভিন্ন প্রজাতির গাছপালা থাকবে। এছাড়া, উদ্ভিদ প্রজাতির মধ্যে যেগুলো আগ্রাসী, অন্য গাছপালার ক্ষতি করে, সেইসব প্রজাতির উদ্ভিদ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এলাকাটির সুরক্ষা ও পুনরুদ্ধারের বিষয়টি তদারকির জন্য এই বছরই ‘দিল্লি রিজ ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। তবে এই কাজ এখনও অনেক বাকি। দক্ষিণ রিজ-এর কিছু অংশ এখনও জবরদখল, বসতি স্থাপন, অনুমোদনহীন কলোনি এলাকার সমস্যার মধ্যে রয়েছে। এই জটিলতা কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে সরকার। দিল্লির সরকার জানিয়েছে যে, পর্যায়ক্রমে এখানকার জমিকে ‘সংরক্ষিত বন’ (Reserved Forest)-এর সুরক্ষার আওতায় আনা হবে।

Translate »