নিজস্ব সংবাদদাতা: গত ৫০ বছর ধরে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণে অনেক কাঠখড় পোড়ানো হয়েছে। আশির দশকে গঙ্গা অ্যাকশন প্ল্যান। তারপর অধুনা নমামি গঙ্গে। তবু, যা হওয়ার তা হয়েই চলেছে। সম্প্রতি এক আরটিআই অ্যাকটিভিস্ট চিঠি পাঠান কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকে সেই চিঠিতে। তার উত্তরে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যা জানায়, তা রীতিমতো বিস্ময়কর। গঙ্গার মূলস্রোত বয়েছে চলেছে, এমন পাঁচটি রাজ্যের নিকাশী নালার জল বেশ কিছু পরিমাণ গঙ্গায় এসে মিশছে। ওই পাঁচরাজ্য হল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলির তরল বর্জ্য পদার্থ পরিশ্রুত হয়ে গঙ্গায় মেশার কথা। কিন্তু দেখা যাচ্ছে, তরল বর্জ্য যে-পরিমাণ পরিশ্রুত হওয়ার কথা, তার তিনভাগের একভাগ মাত্র অপরিশ্রুত হয়ে মিশছে গঙ্গায়। ওই পাঁচরাজ্যে, ১১,৭৮৫ মিলিয়ন লিটার তরল বর্জ্য তৈরি হয় প্রতিদিন।

এই পাঁচরাজ্যে দূষিত তরল পরিশ্রুত করার ক্ষমতা রয়েছে, ৮ মিলিয়ন লিটারের একটু বেশি। তাই, অতিরিক্ত ৫ মিলিয়ন লিটার তরল বর্জ্য পরিশোধন করার সম্ভব হয় না। তা সোজা গঙ্গায় গিয়ে মেশে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দিষ্ট করে জানিয়েছে, এই পাঁচরাজ্যের মধ্যে কোন-কোন রাজ্য কতদূর অবধি পরিশোধন করতে পারছে। পরিবেশ কর্মীরা বলছেন, গঙ্গার দূষণ রোধে একের-পর-এক কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকার বদলাচ্ছে, কর্মসূচিও বদলাচ্ছে। গালভরা নাম দেওয়া হচ্ছে সেইসব কর্মসূচির। কিন্তু, বাস্তবের মাটিতে কতদূর কী হচ্ছে, তা নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাচ্ছে না। তাই, সুনির্দিষ্ট করে যদি তথ্য সংগ্রহ করা যায়, তবেই জানার সুযোগ হয়, কীভাবে কী চলছে-না-চলছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সবমিলিয়ে ১১২ টি জায়গায় গঙ্গার জলের মান কেন, তা নজরে রাখে। পর্ষদের নজরে পড়েছে, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ সংলগ্ন গঙ্গার জল দূষিত হয়ে পড়েছে। অর্থাৎ, অপরিশুদ্ধ তরল বর্জ্য সোজা গিয়ে মিশছে গঙ্গায়। পরিবেশবিদরা প্রশ্ন তুলছেন, একের-পর-এক কর্মসূচি নেওয়ার পরই কেন এই হাল? মনে করা হচ্ছে. উপর থেকে একটি কর্মসূচি ঘোষণা করলেই চলে নাা, নিচ অবধি গিয়ে দেখতে হয়, কোথায় কীভাবে কতটা কাজ করছে সেই প্রকল্প।

Translate »